সৌদি আরব নতুন করে ১৪টি তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। দেশটির শক্তিশালী তেল কোম্পানি আরামকো সম্প্রতি এসব খনির সন্ধান পেয়েছে বলে জানানো হয়েছে।
সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বৃহস্পতিবার জানান, নতুনভাবে আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ছয়টি তেল ক্ষেত্র, দুটি তেল আধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি গ্যাস আধার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে পূর্বাঞ্চলের জাবু তেল ক্ষেত্রের জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। সায়াহিদ-২ কূপ থেকে মিলতে পারে ৬৩০ ব্যারেল তেল।
এছাড়া আইফান-২ কূপ থেকে প্রতিদিন ২ হাজার ৮৪০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ০.৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
বেরি-৯০৭ কূপ থেকে দৈনিক ৫২০ ব্যারেল তেল এবং ০.২ এমএমএসসিএফ গ্যাস উত্তোলন সম্ভব। অন্যদিকে মাজালিজ-৬৪ কূপ থেকে প্রতিদিন ১,০১১ ব্যারেল তেল ও ০.৯২ এমএমএসসিএফ গ্যাস উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
এম্পটি কোয়ার্টারের নুওয়াইর ফিল্ডের নুওয়াইর-১ কূপ থেকেও প্রতিদিন ১ হাজার ৮০০ ব্যারেল তেল এবং ০.৫৫ এমএমএসসিএফ গ্যাস পাওয়া যেতে পারে। এছাড়া দামদাহ ও কুরকাস ফিল্ডেও তেল উত্তোলনের মতো বিপুল সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সূত্র: আরব নিউজ








