বাংলাদেশ পুলিশের লোগোতে থাকা প্রতীকী পালতোলা নৌকা এবার বাদ পড়ছে। নতুন লোগোয় জায়গা পাচ্ছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতার টবে লেখা “পুলিশ” শব্দটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনার সূত্র ধরেই নতুন এ পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল শেষ হয়েছে। এবার লোগো পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি চিঠিতে নতুন লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, নতুন মনোগ্রাম/লোগো অনুমোদিত হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নতুন লোগো চূড়ান্ত হওয়ায় জেলা ও ইউনিট পর্যায়ে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ সব ধরনের সামগ্রীতে এই লোগো অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিতে হবে। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্র তা বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রামে পরিবর্তন আনা হয় এবং ২০০৯ সালে তা আবার হালনাগাদ করে বর্তমান লোগো চালু করা হয়। বর্তমানে ব্যবহৃত লোগোতে রয়েছে পালতোলা নৌকা, যার দুই পাশে ধান ও গমের শীষের মালা, ওপরে একটি শাপলা এবং নিচে ‘পুলিশ’ লেখা।








