জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ২ হাজার শহীদ ও ৪ হাজার আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি দেখে যেতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করতে হবে।
আজ সোমবার (২৭ জানুয়ারী) সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনাায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাঃ গাজী সুজায়েত আলী।
তিনি বলেন, দেশ থেকে দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করে সকলে মিলে নতুন বাংলাদেশ তৈরী করা জামায়াতে ইসলামের অঙ্গীকার। হাসিনা বিরোধীদের মতপ্রকাশের কোনো সুযোগ দেয়া হয়নি। সে কারণে দেশ থেকে তাকে পালাতে হয়েছে। আমরা বিএনপি জামায়াত এক হয়ে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি।
তিনি বলেন, সংখ্যানুপাতিক ভাবে প্রতিনিধি নির্বাচনের জন্য ত্বত্তাবাধয়ক সরকারের কাছে আবেদন করেছি। এই পদ্ধতি চালু হলে ইচ্ছা মতো ক্ষমতা জাহির করা যাবে না। দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
সম্মেলনে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাঃ রবিউল বাসার, জামায়াতের জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যঃ মোক্তার আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ কামরুজ্জামান প্রমুখ।








