বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানের অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসির (বিক্রয় চুক্তি) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার হয়েছে।
এছাড়াও ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি।







