রাজধানী ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে একদল বিক্ষোভ মিছিল করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় তাদের ওপর জলকামান ও লাঠিচার্জ করা হয়। এ ছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল।
বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে পুলিশ। সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেছেন, “বিক্ষোভকারীদের দাবির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের উদ্দেশ্য তাদের মারা নয়। আমরা শুধু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”








