আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন কমিশনের সদস্যরা। তবে কোন চারটি কমিশন প্রতিবেদন জমা দেবে তা জানানো হয়নি।
এদিকে, সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়া, বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।








