টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতি কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব।এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি।
এ উপলক্ষে আশপাশের জেলা থেকে স্বেচ্ছায়সেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ানমঞ্চ।
ইজতেমা ময়দানে মূল বয়ানমঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ানমঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ানমঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি, প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে।
সূত্র : বাসস








