ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়াকে আটক দুইজন নর্থ কোরিয়ার বন্দী সেনার বিনিময়ে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই দুইজন সেনা ৯ জানুয়ারি বন্দী হওয়ার পর কিয়েভে চিকিৎসা নিচ্ছেন এবং তারা কেবল কোরিয়ান ভাষায় কথা বলেন। তাদের সাথে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় জিজ্ঞাসাবাদ চলছে।
ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানায়, একজন বন্দী সেনা কর্তৃপক্ষকে জানিয়েছে যে, তাকে প্রশিক্ষণ দেয়ার জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে তাকে যুদ্ধে পাঠানো হচ্ছে। তিনি একটি রাশিয়ান সামরিক পরিচয়পত্রও পেয়েছেন, যা অন্য এক ব্যক্তির নামে ছিল। অন্য বন্দী সেনার কোনো পরিচয়পত্র ছিল না।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, নর্থ কোরিয়ার সেনারা ফিরে যেতে চান না, তাদের জন্য অন্য বিকল্প হতে পারে। যারা এই যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য প্রচার করে শান্তি আনার জন্য কাজ করতে চান, তাদের সুযোগ দেওয়া হবে।








