রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু’পক্ষকে জমায়েতে বিরত থাকার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা’দের অনুসারীরা সারাদেশে চলমান তাবলিগের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে জানানো হয়েছে।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাবলিগ জামাতের শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এতে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা’দ–এর অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যেসব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।














