৭ নম্বর ভবনে আগুন ও দুদিনের সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (২৯ ডিসেম্বর) যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কাজ অন্যস্থানে শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢুকতে পারলেও সচিবালয়ে কার্যক্রম ছিল সীমিত।
আজ রোববার সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণারয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।
ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে।














