রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রায়ই ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা ঘটছে। এ অবস্থায় সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো জাদু নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
সচিবলায়ের অগ্নিকাণ্ড সম্পর্কে পুলিশপ্রধান বলেন, আগুনের ঘটনায় তদন্ত চলমান। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।
পুলিশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে উল্লেখ করে আইজিপি বলেন, বাহিনীর ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনো পতিত হতে হয়নি। জুলাই-আগস্ট বিপ্লব-পূর্ব ও বিপ্লবোত্তর পুলিশের মধ্যে বিস্তর ব্যবধান। বিপ্লব-পূর্ব সময়ে পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল।
ফলে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছে। পুলিশের নেতৃত্ব স্তর ভেঙে পড়েছিল। জনআস্থা থেকে ছিটকে পড়েছিল পুলিশ। উদ্যম, আগ্রহ আর নিষ্ঠা নিয়ে আমরা পুলিশকে সংগঠিত করছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুলিশকে সুসংগঠিত করা, জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। পুলিশ যাতে আর কখনো জনবিরোধী অবস্থানে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা করা।














