দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ষড়যন্ত্র করে দেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা হাবিবুর রহমান হাবিব ও আমান উল্লাহ আমান।
শুক্রবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, ক্ষমতায় থেকে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। তবে ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা যাবে না। এসময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা।
৬ই ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকার পতন ও গণতন্ত্রে উত্তরণ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে ৯০’ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে যোগ দিয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে সকল প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। তাদের আর রাজনীতি করার অধিকার নেই বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ।
অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার। তাদের ব্যর্থ করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি।
এদিকে, ভারতের আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে গুলশান এলাকায় ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে অংশ নেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিবেশি দেশের সকল ষড়যন্ত্র রুখতে দেশের মানুষ ঐক্যবদ্ধ।








