বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে মানবতা-বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্রিটিশ বাংলাদেশি একজন আইনজীবীসহ আরও দুইজন ব্রিটিশ আইনজীবী। মামলাটি আইসিসির রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে দাখিল করা হয়েছে।

এই মামলাটি দায়ের করেছেন ‘৩ বোল্ট কোর্ট চেম্বার্স’-এর ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে ব্যারিস্টার এম এ আরেফিন আশরাফুল ও তার সহযোগীরা জানান, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা ঘটে, যা পরে নজিরবিহীন আন্দোলন হিসেবে পরিচিতি পায়।

এই আন্দোলনের মুখোমুখি হওয়ার পর সরকার এর জবাব দেয় অমানবিক সহিংসতার মাধ্যমে। শান্তিপূর্ণ শিক্ষার্থী আন্দোলন দমন করতে সরকার পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো বাহিনী মোতায়েন করে।

এই বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র—যেমন বার্ডশট পেলেট ও তাজা গুলি—ব্যবহার করে হামলা চালায়। এই বর্বর নৃশংসতায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন, যাদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

সাবেক বাংলাদেশ সরকারের এই কঠোর ব্যবস্থার ফলে দেশে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং অসংখ্য বিক্ষোভকারী নিখোঁজ হয়েছেন। এই নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের উদাহরণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

আইনজীবিরা বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এই গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে সক্ষম হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক সহায়তা পাওয়ার সম্ভাবনার কারণে স্থানীয় আদালতে ঘোষিত কোনো দণ্ড কার্যকর হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতায় বাধ্য হতে পারে।

এই মামলার মাধ্যমে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং সরকারের অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। আবেদনে উল্লিখিত বিভিন্ন অপরাধের মধ্যে পরিকল্পিত হত্যাকাণ্ড, গোপন বন্দীশালায় নির্যাতন, চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নিষেধাজ্ঞা এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।

মামলায় ভুক্তভোগীদের উপর সংঘটিত সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং ব্যাপক নিপীড়নের দলিলসহ ব্যাপক প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, যা সাক্ষী, ভিডিও প্রমাণ এবং নির্ভরযোগ্য তথ্যসহ বিশদ বিবরণ সম্বলিত। এছাড়া, নিরপেক্ষ তদন্তের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.