২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াতের রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে সবচেয়ে চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে অ্যাখ্যা দেন জামায়াত নেতা। আগামীতে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার আহবানও জানান জামায়াতে ইসলামীর আমীর।
ছাত্র-জনতার অভ্যূত্থানের পটভূমিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রাজধানীতে প্রথম সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলন করে ঢাকা মহনগর উত্তর শাখা।
রুকন সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর আমীরসহ, কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ তার কৃতকর্মের বিচার অবশ্যই পাবে।
জামায়াতের সর্বোচ্চ পদ রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধভাবে একটি জাতি গড়ে তুলতে সবাইকে ধৈর্য্যরে সাথে কাজ করতে হবে।
সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগর শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।














