বাংলাদেশে রাজনৈতিক কারণে যদি ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তবে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। যারা ধর্মকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তমীর দিন বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘নির্বাচন হবে ফ্রি ফেয়ার, এজন্য কাজ করছে অন্তর্র্বর্তীকালীন সরকার। শাসন নয় পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ করছে।’
বিদেশে দেশের বিভিন্ন ঘটনাকে নিয়ে গুজব তৈরি করে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর প্রসারিত করে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিচারহীনতার ধারা তৈরি হতে দেয়া হবে না। কেউ যেন বেশি দিন ক্ষমতায় থাকতে না পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।














