দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে চারদিনের ছুটি শুরু হয়েছে। এ কারণে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের। বেশি পর্যটক এসেছেন কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। লম্বা ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে তিন পার্বত্য জেলায় এবার পর্যটক নেই।
বর্ষা মৌসুম ও রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর পর্যটন কেন্দ্রগুলোতে খুব কম মানুষ গেছে। তবে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলে টানা ৪ দিনের ছুটিতে অনেকেই কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বেড়াতে গেছেন।কক্সবাজারে সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। টানা ছুটি পাওয়া পরিবার নিয়ে সমুদ্র দেখতে এসেছে অনেকে।
এই ছুটিতে কক্সবাজারে ৬ লাখের বেশি পর্যটকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ইতিমধ্যে হোটেল-মোটেলের ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
পর্যটক বাড়তে শুরু করেছে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতেও। ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা।
এদিকে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটক ভ্রমনে নিরুৎসাহিত করায় বিপাকে পড়েছে জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাতিল হয়ে গেছে বুকিং করা ৭০ শতাংশ হোটেল মোটেলের বুকিং।
পর্যটন খাতকে বাঁচাতে জেলার সব পর্যটন কেন্দ্রে নিরাপত্তা জোরদার ও নিষেধাজ্ঞা তুলে দেয়ার দাবী ব্যবসায়ী সমন্বয় পরিষদের।














