হারিকেন মিল্টন আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ফাইভ এ রূপ নিয়েছে। এখন ঘণ্টায় ২৮১ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় বুধবার রাতে উপকূলে আছড়ে পড়তে পারে।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার-এনএইচসি জানিয়েছে, মিল্টন রেকর্ড ভাঙা গতিতে ক্যাটাগরি ফাইভ হারিকেনে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১৪৮ কিলোমিটার পর্যন্ত বেড়েছে।
ঘূর্ণিঝড় সামনে রেখে ফ্লোরিডিবাসীকে সতর্ক থাকবে বলেছে ফ্লোরিডা কর্তৃপক্ষ। রাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব আকারে আঘাত হানতে চলেছে।
কয়েকদিন আগেই ভয়াবহ হারিকেন হেলেন দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় এটি। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছেন।














