নতুন চারটি সহ ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা এবং একনেক এর চেয়ারপার্সন ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪১২ কোটি ৯৪ লাখ টাকা।
নতুন চারটি প্রকল্প হচ্ছে ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক নির্মাণ, সিটি কর্পোরেশনগুলো আরো আধুনিক করে গড়ে তোলা, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল এবং সড়কসহ সেতুনির্মাণ এবং মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ। সভা শেষে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।
নতুন চারটি প্রকল্পের মধ্যে কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ পাচ্ছে জাপান। সহজ শর্তে ঋণ দিচ্ছে বলেই জাপানকে এই প্রকল্পে আর্থায়ন করতে দেয়া হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।














