লেবাননে অব্যাহত রয়েছে ইসরাইলি হামলা। চলমান ইসরাইলি আগ্রাসনে গত ১১ দিনে লেবাননে শতাধিক শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় সাতশো শিশু। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে, ইউনিসেফ লেবাননে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসা সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য তাদের প্রচেষ্টাকে তুলে ধরেছে।
গত ২৩শে সেপ্টেম্বর থেকে হামলা চালিয়ে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে ইসরাইল। চালানো হয়েছে নজিরবিহীন বিমান হামলা। আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে তারা দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ করেছে। তাদের হামলায় এখন পর্যন্ত লেবাননে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
এদিকে, ইসরাইলি বাহিনীকে আটকাতে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাবনে ঢুকে পড়া বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে হত্যার দাবি করেছে তারা। হিজবুল্লাহ বলেছে, তারা তাদের ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে সীমান্তে কামান নিক্ষেপ করেছে। সেই সঙ্গে উত্তর ইসরাইলের মানারায় নিহত ও আহতদের সরিয়ে নেয়ার সময় ইসরাইলি সেনাদরে ওপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি।














