আশুলিয়ায় আজ ১৮টি বাদে বাকি সব কারখানায় কার্যক্রম চালু রয়েছে। খোলা থাকা কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে।
শিল্প পুলিশ জানায়, আজ (সোমবার) সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। তবে অভ্যন্তরীণ সমস্যার কারনে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। আশুলিয়ায় আজ ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা এবং আরও ৭টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।
এদিকে, বাইপাইলের বুড়িরবাজার এলাকার লেঅফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছেন।
শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট বার্ডস গ্রুপের চারটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ এর ১২(৮) ধারায় লে-অফ ঘোষণা করা হয়। আজ শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ।







