একমাত্র নির্বাচিত সরকারই মানুষের অধিকার নিশ্চিত করতে পারে বলে জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের রোডম্যাপ তাদেরই করতে হবে। প্রশাসনের দলবাজ কর্মকর্তারা সরকারের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
প্রায় ১৫ বছর পর মুক্ত পরিবেশে সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে শনিবার শহরের পায়রা চত্বরে এই সমাবেশে ঝিনাইদহ ও আশপাশের এলাকার নেতাকর্মীরা যোগ দেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থান সফলের কৃতীত্ব দেশের মানুষের। তবে ষডযন্ত্র এখনও শেষ হয়নি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে। যা বহন করতে সক্ষম নয় এমন কোন দায়িত্ব নিজেদের কাঁধে নেয়া অন্তর্বর্তী সরকারের ঠিক হবে ন বলেও জানান তিনি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে গুরাত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
১৭ বছরের আন্দোলনের যোদ্ধাদের মূল্যায়ন না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও জানান বিএনপি’র শীর্ষ নেতা।







