জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন ৪ জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে এই ঘটনায় ঘটে।
নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তাঁরা ৬ জনই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ।
জেলার আবু ফাতাহ জানান, দুপুর ২টার আগে কারাগারের ভেতরে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরে দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে গেইট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। এসময় বন্দীদের কাছে জিম্মি হয়ে পড়ে ১০ কারারক্ষী। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দিরা। ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
জামালপুর জেলা কারাগারে রয়েছে ৬৬৯ জন বন্দী। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে ১০০ জন। এছাড়া এই কারাগারে কোনো জঙ্গি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








