একজন কিশোরের হাতে হাতকড়া, কোমরে দড়ি, পুলিশ তাকে আদালতের গারদে নিয়ে যাচ্ছে। আর এমন ঘটনায় আদালত পাড়ায় উপস্থিত সবাই হতবাক। বিস্ময়ে চোখের পলক পড়ছে না তাদের। গতকাল শনিবার (২৭ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জেলা নিন্ম আদালতে এমন ঘটনা ঘটেছে।
জন্ম নিবন্ধন আনুযায়ী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বয়স ১৭ বছর। কিন্তু পুলিশ মামলার এজাহারে তাকে ১৯ বছর বয়েসী বলে দাবি করছে। আর নিন্ম আদালত সেই হিসেবকে বিবেচনা করে কিশোর ফাইয়াজকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী।
পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম ও এ কাজে সহায়তাসহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি হিসেবে গতকাল শনিবার (২৭ জুলাই) ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফাইয়াজকে।
এর আগে গত ২৪ জুলাই রাতে ফাইয়াজকে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকে একদল কর্মকর্তা লোকজন এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান হাসনাইন।







