ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য জোরালোভাবে চাপ প্রয়োগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে শক্ত কন্ঠে এই চাপ দিয়েছেন কমালা।
রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর সাথে সরাসরি বৈঠকের পর টেলিভিশনে ভাষণ দিয়েছেন কমালা হ্যারিস। সেখানে তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময়। আমরা আর অসহায়দের ওপর চুপ থাকতে পারি না। আমি চুপ থাকবো না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে সংঘাতে জড়িয়ে আছে হামাস ও ইসরাইল। গাজা উপত্যকা জুড়ে চলা সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮ হাজার মানুষ। এর অধিকাংশই নারী ও শিশু। দীর্ঘদিন ধরে বৈশ্বিক নানা চাপ থাকা সত্ত্বেও কোনভাবেই থামানো যাচ্ছে না এই সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক নেয়া যুদ্ধবিরতির উদ্যোগ ব্যাহত হচ্ছে। এর জন্য অনেকভাবেই প্রেসিডেন্ট বাইডেন সরকাররের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এসব বিষয় নিয়ে পুরো বিশ্বের পাশাপাশি যুক্তরাষ্ট্র জুড়েও চলছে তীব্র বিক্ষোভ।
গত ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট কমালাকে সমর্থন দিচ্ছেন তিনি। একই সুর ভেসেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্ঠেও। ধারণা করা হচ্ছে, অতি দ্রুতই কমালাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে যাচ্ছে ডেমোক্রেটরা। তবে এরই মধ্যে জনসংযোগ শুরু করেছেন কমালা। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি।








