রাজধানীর ধানমন্ডিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফারহান ফাইয়াজ।
সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওসমান গণি আরও জানান, এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। এখনও আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সেই সময় যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।







