সারাদেশে চলছে লাগাতার বৃষ্টি। ঢাকা ও আশপাশের এলাকায় থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সময় ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলকে জানানো যাচ্ছে, আজ ৩০ জুন ২০২৪ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
অনিবার্য কারণে কোন কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা একঘন্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় উক্ত আধাঘণ্টা কিংবা একঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।














