সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় দুই ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার) ভোরে উপজেলার পাইকগাছা সড়কের খলিলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান ,তারা গোপালগঞ্জে ধান কাটতে যান। কাজ শেষে গোপালগঞ্জ থেকে ধান বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। আজ ভোরে খলিল নগর এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের। আহত হয় তাদের সঙ্গী আরও ৯-১০ জন। তবে তিনি তাদের নাম ঠিকানা জানাতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।













