টি-টোয়েন্টিতে বাংলাদেশ যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। পরিসংখ্যান বলছে, জয়ের হিসাবে জিম্বাবুয়ের অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ থেকে। ২০ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় লাভ করেছে টাইগার বাহিনী। বাকি ৭ ম্যাচে জিতেছে রোডেশিয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সহজ হবে না বলে মন্তব্য করে বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর চোখে বর্তমান সিরিজ জয়ই মূল লক্ষ্য । যদিও নির্বাচক প্যানেল জানিয়েছেন,এই সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্সের উপরে ভিত্তি করে বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে।
সেই লক্ষ্যে শুক্রবার(৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ছুটির দিনে দর্শককে গ্যালারীতে ফেরাতে খেলার সময় সন্ধ্যা ৬ টায় নির্ধারণ করেছে বিসিবি।
তবে বাংলাদেশের বেশিরভাগ ভক্ত-সমর্থক মনে করেন জিম্বাবুয়ে অনেকটাই দুর্বল দল।তাদের বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে জিম্বাবুয়েকে বেছে নেন। যার জন্য, গতকাল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে দলনেতা শান্তকেও শুনতে হয়েছে এমন প্রশ্ন। প্রশ্নটি ছিল এমন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনেক দুর্বল। হেরেছে উগান্ডার মতো দলের কাছে।’
বাংলাদেশ ক্যাপ্টেন অবশ্য এটাকে উদাহরণ মানতে রাজি নন। শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না।’
শান্তর চোখে বর্তমান সিরিজটি হলো নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। তাই তার অনুভব, ‘এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি, সেটাই বড়।’







