আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুকে (টিয়া পাখি প্রতীকে) ভোট দিয়ে বিজয়ী করতে দুই হাত তোলে সমর্থন জানানোসহ প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন উপজেলার কয়েক হাজার ভোটার।
বৃহস্পতিবার (২ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে সাংবাদিক মোশাররফ হোসেন সরকার বাবু আনুষ্ঠানিকভাবে প্রতীকসহ নির্বাচনী প্রচার কাজ শুরু উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের নিয়ে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় মোশাররফ হোসেন সরকার বাবু (টিয়া পাখি) প্রধান অতিথির বক্তব্যে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করলে উপস্থিত ভোটারগণ দুই হাত তুলে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী করতে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি প্রতিজ্ঞা করেন।

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রদত্ত তালিকা অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থীরা হলেন– উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক (চশমা), ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ (তালা), যুবদলের নেতা মো. মামুন হোসেন (উড়োজাহাজ), বিএনপি নেতা মো. রেজাউল করিম (টিউবওয়েল)।
তথ্য মতে, এই নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এতে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার ৯১ হাজার ২৩০ জন। এরমধ্যে হিন্দু ভোটার ৩ হাজার ৪৬৪ জন, খ্রিস্টান ভোটার ১৩ জন ও বৌদ্ধ ভোটার রয়েছেন ২ জন।














