প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) জালাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মিল্টন সমাদ্দার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের একটি আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা। জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা-পুলিশ। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁর জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই এ বিষয়ে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ। সেখানে মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি।














