দেশের আবহাওয়া এখন ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। তীব্র গরম, জনজীবন বিপর্যস্ত। যন্ত্রণাদায়ক এই পরিস্থিতিতে বাইরের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না শরীর। ফলে হিট এক্সহউশন ও হিট স্ট্রোকের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখাটাই বুদ্ধিমানের কাজ। এই কাজটি অনায়াসে করতে পারে হাতের কাছে থাকা কিছু সবজি। সেই তালিকায় প্রথমেই আছে লাউ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লাউয়ে রয়েছে একাধিক পুষ্টিগুণ। ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি কমায় এই সবজি। গরমে শরীর ঠান্ডাও রাখে।
চলুন তবে জেনে আসি কী কী উপকার করে লাউ :
ক্যানসারের আশঙ্কা কমায়
ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই অসুখ কিন্তু রোগীর জীবনে বিরাট জটিলতা ডেকে আনে। গবেষণায় দেখা গেছে, ক্যানসার প্রতিরোধে লাউ অত্যন্ত কার্যকরী। এতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যানসার কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সাইটোটক্সিক গুণ সম্পূর্ণ। তাই নিয়মিত লাউ খেলে ক্যানসারকে দূরে রাখা যায়।
লিভারের জন্য উপকারী
আজেবাজে খাবার খেয়ে অনেকেই এখন লিভারের বারোটা বাজিয়ে রেখেছেন। লিভারে জমছে মেদসহ অন্যান্য ক্ষতিকারক পদার্থ। সেই লিভারকে সুস্থ রাখতে চাইলে আপনি খেতেই পারেন লাউ।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লাউতে এমন কিছু উপাদান রয়েছে যা যকৃতের কর্মক্ষমতা বাড়ায়। তাই লিভারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনি অনায়াসে খেতে পারেন লাউ। তবে বেশি পরিমাণে তেল মশলা দিয়ে এই সবজি রান্না করলে খুব একটা লাভ পাবেন না। বরং হালকা তেলে সিদ্ধ করে রান্না করুন। এতেই উপকার পাবেন।
ওজন কমাতে পারে
ওজন বেশি থাকা বা ওবেসিটি কিন্তু বহু সমস্যার কারণ। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের অসুখ, স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত ওজন। তাই ওজন কমাতে বেশি করে লাউয়ের তরকারি খান।














