মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার  

নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না ক্রিকেটাররা। এমন উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ম্যাচ শেষে হঠাৎ খবর আসে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা খেলতে চাননি এই নারী আম্পায়ারের অধীনে।

এমন উড়ো খবরে বেশ আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও এই ঘটনা নিয়ে রয়েছে নানা মতভেদ। তবে এইসব ছাপিয়ে নিজের মতামতকে প্রচার করছে নেটিজেনরা। তাদের কেউ এর পক্ষে অবস্থান নিয়েছেন আবার অনেকে এর বিরোধিতা করে একে গুজব বলে আখ্যায়িত করছেন। এতে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, কি হয়েছিল সেদিন মাঠে? তা নিয়ে এবার মুখ খুললেন খোদ জাতীয় দলের অভিযুক্ত খেলোয়াড় ও সেই আলোচিত নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

সোমবার (২৯ এপ্রিল) এ বিষয়ে জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম বলেছেন, আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানাইনি। আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এ জন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি। অন্যদিকে এমন অভিযোগ নিয়ে বেশ হতাশ মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘ম্যাচ শেষে আমি তো ওনাকে (সাথিরা জাকির) আরও অভিনন্দন জানালাম! সাধুবাদ জানিয়ে বলেছি, “খুব ভালো আম্পায়ারিং করেছেন।” আমি, মুশফিক, তামিম, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’

এদিকে প্রাইম ব্যাংক এবং মোহামেডানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। প্রাইম ব্যাংক বিবৃতিতে বলে, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রগতিতে বিশ্বাসী এবং সব লিঙ্গ-ধর্ম-বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। মাঝেমধ্যে ম্যাচ চলাকালে আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়েরা মাঠেই অসন্তোষ প্রকাশ করেন, যা খেলারই অংশ। প্রকাশিত খবরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট আম্পায়ারের অধীনে ম্যাচ খেলতে চায়নি বলে যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন।

মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেছেন, নারী আম্পায়ারের অধীনে খেলব না, এমন কিছু আমরা বলিনি। এ ব্যাপারে কারও কাছে কোনো অভিযোগও মোহামেডান করেনি। পুরোটাই মনগড়া।

যাকে নিয়ে এই আলোচনার সূত্রপাত সেই নারী আম্পায়ার সাথিরা জাকির বলেছেন, অনেক বড় মাপের ম্যাচ, বড় টুর্নামেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও প্রিমিয়ার লীগের চাপ অনেক বেশি। সেদিক থেকে অবশ্যই ভালো লাগছে। দিনের শুরুতে স্বাভাবিকভাবেই একটা চাপ থাকে। একটা সময় পর ঠিক হয়ে গেছে। গরম ছিল, সবকিছু মিলিয়ে ভালো কেটেছে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ভাইসহ অন্য ক্রিকেটাররা আমাকে অভিনন্দন জানিয়েছেন।

তাহলে দুই ক্লাব বা তাদের ক্রিকেটাররা নারী আম্পায়ারের পরিচালনায় খেলতে চান না—এ আলোচনার সূত্রপাত কোথা থেকে? এই বারুদে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে আসলে বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদের একটি বক্তব্য। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, বিসিবি মহিলা আম্পায়ার নিয়োগ করায় তারা (প্রাইম ব্যাংক ও মোহামেডান) অসন্তুষ্ট হয়েছেন। তারা (প্রাইম ব্যাংক ও মোহামেডান) আমার কাছে অভিযোগ করেনি। তবে সিসিডিএমের কাছে অভিযোগ করেছে।

কিন্তু ইফতেখার আহমেদের এমন বক্তব্যের দায় নিতে চাইছে না সিসিডিএম। সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী কাল বলেছেন, সিসিডিএমের কাছে কোনো ক্লাব বা ক্রিকেটার কোনো অভিযোগ করেনি এবং সিসিডিএমও এমন কোনো অভিযোগের কথা আম্পায়ার্স কমিটির কাউকে জানায়নি। একই কথা বলেছেন ম্যাচের দিন মাঠে থাকা সিসিডিএমের অন্য কর্মকর্তারাও।

তাহলে এমন অভিযোগ কোথা থেকে জানলেন আম্পায়ার্স কমিটির প্রধান? এমন প্রশ্নে ইফতেখার আহমেদ বলেন, ‘মাঠে যারা ছিলেন, তারাই আমাকে এটা জানিয়েছেন। সিসিডিএম থেকেও আমি শুনেছি। তবে কে বলেছে, তার নাম বলা যাবে না। ক্রিকেটারদের দিক থেকে কোনো সমস্যা ছিল না। ম্যাচ শেষে মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমরা জেসিকে (সাথিরা জাকির) অভিনন্দন জানিয়ে বলেছে—ওয়েল ডান।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.