ইসরায়েল সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করায় ২০ জন গুগল কর্মীকে বরখাস্ত করেছে। বিরোধিতাকারী গোষ্ঠীর মতে, এ নিয়ে মোট ৫০ জন কর্মী চাকরি হারিয়েছেন। বিরোধিতাকারী গোষ্ঠীর সূত্রে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন ‘নো টেক ফর দ্য অ্যাপার্থাইড’ শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা। সোমবার তারা এক বিবৃতিতে জানান, গুগল আরও ২০ জন কর্মী ছাঁটাই করেছে। এর আগের সপ্তাহে আরও ৩০ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল।
নো টেক ফর দ্য অ্যাপার্থাইডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেননি, বরং তারা পাশে দাঁড়িয়ে এই সমাবেশ দেখেছেন। কর্মক্ষেত্রের এসব তৎপরতায় তাদের অংশগ্রহণও তেমন একটা নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এভাবে কর্মীদের চাকরিচ্যুত করার মধ্য দিয়ে গুগলের মতো মহীরুহ প্রযুক্তি কোম্পানি আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
সিএনএনকে দেয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন, সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণে আরও বেশ কিছু কর্মীর চাকরি গেছে। তবে কতজন চাকরি হারিয়েছেন তা তিনি স্পষ্ট করেননি।
গুগলের মুখপাত্র আরও বলেছেন, আবারও নিশ্চিত করা হচ্ছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা সবাই ১৬ এপ্রিল গুগল কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন। বিষয়টি সতর্কতার সঙ্গে একাধিকবার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সেই প্রতিবাদ সমাবেশ আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অনেকে এই সমাবেশ অংশ নেননি বা কার্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়নি।













