ঢালিউড নায়িকা মৌসুমী ও নায়ক ফেরদৌসের বন্ধুত্বের এখন বেশ পুরোনো। জানা গেছে, পারিবারিকভাবেও তাঁদের সম্পর্কটা বেশ গভীর। এই গভীর সম্পর্কের টানেই মৌসুমির কাছে ছুটে গেলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
বেশ কয়েক মাস ধরে দেখাসাক্ষাৎ নেই দুই বন্ধুর। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস। খবরটি জেনেছেন বন্ধু মৌসুমীও। তাই দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি তাঁরা কেউই। মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তাঁর লং আইল্যান্ডের বাসায় অতিথি হয়েছেন ফেরদৌস। খাওয়াদাওয়া ও আড্ডায় কেটে যায় তাঁদের দুই ঘণ্টার বেশি সময়।
মৌসুমীর বাসায় দেখা ও আড্ডার সময়কার বেশ কিছু ছবি ফেরদৌস তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে লিখেছেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা, নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছে। এরপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’
জানা গেছে, বাংলাদেশ সময় কাল মঙ্গলবার ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন ফেরদৌস। এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্র সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের মনে করছেন এ অভিনেতা।














