সম্প্রতি মুশতাক আহমেদকে নিজেদের স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের স্পিন কোচের দায়িত্ব পেয়ে বেশ সম্মানিত বোধ করছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক।
রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কিছুদিন ধরে বাংলাদেশ দলের স্পিন কোচের পদ শূন্য ছিল। গত সপ্তাহে সে শূন্য পদে মুশতাককে বসিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। কুড়ি ওভারের আসন্ন টুর্নামেন্ট পর্যন্ত সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদদের নিয়ে কাজ করবেন মুশতাক।
নতুন এই দায়িত্ব বুঝে নিতে গতকাল বিকেলে ঢাকায় পা রাখেন পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করবেন তিনি।
মূলত চোটের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ার আগাতে পারেননি মুশতাক। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে পাকিস্তানের জার্সিতে খেলেছেন মোট ১৯৬ ম্যাচ। দুই ফরম্যাট মিলিয়ে তার শিকার ৩৪৬ উইকেট।
বাংলাদেশের স্পিন কোচ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুশকাত বলেন, ‘এই দলটার কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের। আমি আমার দায়িত্ব পালনের দিকে মনোযোগ দিতে চাই। অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বিশ্বের ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটি। তারা যেকোনো দলকেই হারাতে পারে। তাদের সেই শক্তি ও প্রতিভা আছে। আমি চেষ্টা করব তাদের এই বিশ্বাসকে আরও বাড়িয়ে দিতে। বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’














