বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (৮ই জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।
ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি বগুড়া এবং বার্নের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।
উল্লেখ্য, রোববার (৭ই জুলাই) বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন।








