প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা এবং টেলিনরের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তথ্যপ্রযুক্তি খাতে টেলিনরের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে সেবার মান আরও উন্নত করা এবং নতুন প্রযুক্তি, বিশেষ করে ৫জি সেবা বিস্তারে কাজ করতে আগ্রহী টেলিনর।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।








