কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ৪৩ বছর বয়সী এই অভিনেতার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। তালসারিতে সমুদ্রে নামেন তিনি। তলিয়ে যেতে দেখে শুটিং টেকনিশিয়ানরা উদ্ধার করেন। দিঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। আপাতত আছে দীঘা হাসপাতালে। সেখানেই হবে ময়নাতদন্ত।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ পানির নিচে ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়।’
ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।’








